১৭ জেলায় জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ; যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি

0

লোকসমাজ ডেস্ক ॥ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। তবে কিছু এলাকা থেকে এই পরিস্থিতি ধীরে ধীরে প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এদিকে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট বজায় থাকতে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে অধিদপ্তর।

বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে।