ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ ‘কনকন’; তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

0
ধেয়ে আসছে শক্তিশালী শৈত্যপ্রবাহ ‘কনকন’; তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামার শঙ্কা ।। ছবি: এআই জেনারেটেড

লোকসমাজ ডেস্ক ॥ দেশজুড়ে জেঁকে বসা শীতের মধ্যেই নতুন করে ধেয়ে আসছে শক্তিশালী শৈত্যপ্রবাহ ‘কনকন’। হিমেল হাওয়ার দাপটে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক পূর্বাভাসে জানিয়েছে, আসন্ন এই শৈত্যপ্রবাহের প্রভাবে আগামী কয়েকদিন শীতের তীব্রতা চরম আকার ধারণ করতে পারে।

সংস্থাটির তথ্যমতে, শৈত্যপ্রবাহ ‘কনকন’ ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে রাজশাহী ও খুলনা বিভাগে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও পাবনাসহ আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর ও টাঙ্গাইলের মতো জেলাগুলোতেও হাড়কাঁপানো শীত অনুভূত হবে।

তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এর প্রভাব তুলনামূলক কম হতে পারে। ঢাকা, কক্সবাজার ও বান্দরবানে শীত থাকলেও শৈত্যপ্রবাহ ততটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহটি আগে শুরু হতে পারে বলে আবহাওয়া পর্যবেক্ষকরা ধারণা করছেন। তীব্র শীতের এই আশঙ্কায় জনজীবনে স্থবিরতা নেমে আসার উপক্রম হয়েছে।