যশোরে ভেজাল সার কারখানা সিলগালা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নামী ব্র্যান্ডের মোড়ক নকল করে মাটি ও টাইলসের ডাস্ট দিয়ে তৈরি করা হচ্ছিল বিষাক্ত ভেজাল সার। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সদর উপজেলার নরেন্দ্রপুর খন্দকার পাড়ায় এ জাতীয় একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে কারখানা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল উপকরণ ধ্বংস ও কারখানাটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, নরেন্দ্রপুর খন্দকার পাড়ার আজিজুল খন্দকারের ছেলে ইকরামুল খন্দকার নিজ বাড়িতে অবৈধ কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে ভেজাল সার তৈরি করে আসছিলেন। অভিযানে দেখা যায়, বাড়ির উঠানে মাটি ও টাইলসের ডাস্ট স্তূপ করে রাখা হয়েছে। একটি বেড়ার ঘরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মাটি, টাইলসের ডাস্ট, চক পাউডার ও অ্যাসিড মিশিয়ে তৈরি করা হচ্ছে তথাকথিত ‘দস্তা সার’।

পরবর্তীতে এই ভেজাল মিশ্রণ ‘সুফলা বাম্পার’ ও ‘গোল্ডাফুরান’ সারের নকল মোড়কে ভরে নামী ব্র্যান্ডের পণ্য হিসেবে বাজারে ছাড়া হচ্ছিল। অপরাধের সত্যতা পাওয়ায় কারখানা মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া আনুমানিক ২ লক্ষাধিক টাকার নকল উপকরণ ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা এবং ক্যাব সদস্য আব্দুর রাকিব উপস্থিত ছিলেন।