ইডেনের সেই ছাত্রীকে বিয়ে করেও ধর্ষণ মামলায় ‘রেহাই মিলছে না’ গায়ক নোবেলের

0
ছয় মাস আটকে রেখে ধর্ষণ ও মারধর: ইডেন ছাত্রীর মামলায় নোবেলের বিরুদ্ধে সত্যতা পেল পুলিশ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যদিও গ্রেপ্তারের পর কারাগারেই মামলার বাদীকে বিয়ে করে জামিন পেয়েছিলেন এই গায়ক, তবুও প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হলো।

গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক এসআই মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের এসআই ইলামনি এ তথ্য নিশ্চিত করেন। আগামী ২৮ ডিসেম্বর অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হবে এবং মামলা বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর নোবেল ইডেন কলেজের ওই ছাত্রীকে স্টুডিও দেখানোর কথা বলে ২০২৪ সালের ১২ নভেম্বর ডেমরার বাসায় নিয়ে যান। সেখানে তাঁকে ছয় মাস আটকে রেখে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। কথামতো না চললে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। প্রায়ই তাঁকে মারধরও করা হতো।

পুলিশ ১৯ মে ওই তরুণীকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেপ্তার করে। এরপর ১৯ জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসে ১০ লাখ টাকা দেনমোহরে নোবেল ওই ছাত্রীকে বিয়ে করেন এবং জামিনে মুক্ত হন।

তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, নোবেল বাদীকে আটক রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করেছেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যদিও নোবেলের আইনজীবী বলেছেন, বাদীকে বিয়ে করায় বিচারিক ট্রাইব্যুনালে আপসনামা দাখিল করে নোবেল এই মামলা থেকে অব্যাহতি (খালাস) পাবেন। তবে তদন্ত কর্মকর্তা মারধর ও ধর্ষণে আসামিকে আরও কয়েকজন সহযোগিতা করেছে উল্লেখ করে তাদের নাম-ঠিকানা পেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও প্রতারণার অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিলেন ‘সা রে গা মা পা’ খ্যাত এই গায়ক।