বাঘারপাড়ার আমজাদ মোল্লাসহ পাঁচ জনের বিষয়ে যেকোন দিন রায়

0

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ পাঁচজন আসামির বিরুদ্ধে যেকোন দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই মামলার চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (১১ মে) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। মামলার আসামিরা হলেন, বাঘারপাড়ার প্রেমচারা গ্রামের আমজাদ হোসেন মোল্লা, ওহাব মোল্লা, একই ইউনিয়নের ছোট খুদড়া গ্রামের মাহতাব বিশ্বাস, ফসিয়ার রহমান মোল্লা ও প্রেমচারা গ্রামের নওশের বিশ্বাস।
আসামিদের মধ্যে আমজাদ হোসেন মোল্লা বর্তমানে কারাগারে আছেন এবং নওশের বিশ্বাস মারা গেছেন। বাকিরা সবাই পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান। এ মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয়।