যশোরে বিএনপি কর্মীরা অপসারণ করলেন ধানের শীষের সকল প্রচারসামগ্রী

0

স্টাফ রিপোর্টার॥ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতীক সংবলিত সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও পোস্টার-প্ল্যাকার্ড অপসারণ করেছেন দলীয় নেতাকর্মীরা।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সীমার আগেই আজ শনিবার বিকেলের মধ্যে দলীয় নেতাকর্মীরা নিজ নিজ এলাকার সকল প্রচারসামগ্রী অপসারণ সম্পন্ন করেন।

শনিবার সকালে অনিন্দ্য ইসলাম অমিত তার নিজের ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট করেন। এরপর দলীয় নেতাকর্মীরা সেই নির্দেশনা মোতাবেক কাজ শুরু করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত তার নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতীক সংবলিত সকল প্রকার ব্যানার, ফেস্টুন ও পোস্টার-প্ল্যাকার্ড অপসারণের নির্দেশ প্রদান করেন।’

তিনি আরও জানান, সেই নির্দেশনা মোতাবেক জেলা স্বেচ্ছাসেবক দল শনিবার সকাল থেকে পৌর সদরে ধানের শীষের ব্যানার, ফেস্টুন ও পোস্টার-প্ল্যাকার্ড অপসারণের কাজ শুরু করে এবং বিকেলের মধ্যে কাজ সম্পন্ন হয়। এছাড়া সদর উপজেলার সকল ইউনিয়নেও একই সময়ের মধ্যে দলীয় নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকার ধানের শীষ প্রতীক সংবলিত সকল প্রচারসামগ্রী অপসারণ করেছেন।