যবিপ্রবি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাবে

উপাচার্যের মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে উন্নীত করার লক্ষ্য নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, ‘আমার মূল লক্ষ্য যবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এবং দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষার্থীদের প্রস্তুত করা।’

তিনি বলেন, যশোর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কল্যাণে যবিপ্রবি কাজ করে যাবে। আপনাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।’

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য জানান, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণ এবং নতুন কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, যবিপ্রবির আয়তন মাত্র ৩৫ একর। দ্রুত সময়ে এটিকে আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য ভূমি অধিগ্রহণ অপরিহার্য। এ সংক্রান্ত প্রকল্প ইউজিসিতে পাঠানো হয়েছে, যা সংশোধন করে পুনরায় জমা দেওয়া হবে।

টাইমস হায়ার এডুকেশন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এ বাংলাদেশে শীর্ষস্থান অর্জন করেছে যবিপ্রবি। এছাড়া ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান পেয়েছে। বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির আটজন শিক্ষক স্থান পেয়েছেন, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে দুটি নতুন আবাসিক হল ‘মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ হল’ ও ‘বীরপ্রতীক তারামন বিবি হল’ চালু করা হয়েছে। আধুনিক ডাইনিং, লিফট সুবিধা, রাস্তা-ঘাট ও ফুটপাত সংস্কার, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, বহুদিন বন্ধ থাকা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পুনরায় চালু, অনলাইনে দ্রুত ফল প্রকাশ এবং জরুরি সেবা কেন্দ্র চালু করা হয়েছে।

ভেটেরিনারি মেডিসিন অনুষদ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের স্বীকৃতি পাওয়ায় স্নাতকরা এখন দেশ-বিদেশে পেশাদার ভেটেরিনারিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভিত্তিক ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসকে র‌্যাগিং ও রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে এবং তা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গবেষণা উৎসাহিত করতে মাস্টার্স থিসিস ফেলোশিপ চালু করা হয়েছে, যার আওতায় শিক্ষার্থীরা মাসিক ভাতা পাবেন এবং প্রকাশনা বাধ্যতামূলক থাকবে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৩০৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় সিএসই বিভাগের নতুন ভবন, ইনকিউবেশন সেন্টার, ল্যাব নির্মাণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে।

প্রথমবারের মতো যবিপ্রবি দুই মাসব্যাপী ন্যাশনাল কনফারেন্স কার্নিভাল আয়োজন করেছে, যেখানে আন্তর্জাতিক গবেষক ও প্রশিক্ষকরা অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়েও সেমিনার ও কর্মশালার আয়োজন করা হচ্ছে।

‘সেন্টার ফর ট্রেইনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট চালু হয়েছে, যেখানে শিক্ষার্থীরা ইংরেজি ছাড়াও জাপানি, কোরিয়ান, জার্মান, চাইনিজ, ফরাসি, আরবি ও স্প্যানিশ ভাষা শিখতে পারবে। এখান থেকে সফট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামও চালু করা হয়েছে। শিগগির যশোর শহরে এর একটি শাখা খোলা হবে।

এছাড়া ‘ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ সাপোর্ট সেল’ গঠন করা হয়েছে, যেখানে সফল উদ্যোক্তারা দুই বছর বিনা ভাড়ায় অফিস সুবিধা পাবেন। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য আইকিউএসি ও অ্যাক্রেডিটেশন সাপোর্ট সেল গঠন করা হয়েছে।

সম্প্রতি গদখালির পানিসারায় যবিপ্রবি উদ্ভাবিত জারবেরা ফুলের উন্নত জাতের চারা বিতরণ করা হয়েছে। শিগগির যশোর শহরে ফিজিও কেয়ার ও নার্সিং কেয়ার চালু হবে। ‘কোস্টাল অ্যান্ড ব্র্যাকিশ ওয়াটার সেন্টার’ স্থাপন করে উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা কার্যক্রম শুরু হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে খেজুরের রস ও গুড় সংরক্ষণ ও বাজারজাতকরণ, ন্যানোটেকনোলজি, এগ্রোবায়োটেকনোলজি, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভাগ খোলা, পাইলট ওয়ার্কশপ,রিজিওনাল এনার্জি হাব এবং গবেষণা ভবন নির্মাণ।

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইউজিসি থেকে ৯২ কোটি ৪৩ লাখ এবং নিজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ১০ লাখ টাকা। শিক্ষক-কর্মচারীদের জন্য ন্যায়সংগত ও স্বচ্ছ নিয়োগ এবং আপগ্রেডেশন নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা রিজেন্ট বোর্ডে অনুমোদিত হয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর হোসেন আল মামুন, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।