ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হতে হবে : নার্গিস বেগম

যশোরে নারী সমাবেশে

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র কিংবা চক্রান্ত জনগণ মেনে নেবে না।

বিএনপির শক্তি জনগণ, সেই জনতার শক্তি নিয়ে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বুক চেতিয়ে লড়াই করে তাদেরকে বিতাড়িত করেছি। সেই জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখে দিয়ে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশা আল্লাহ।

বৃহস্পতিবার যশোর নগর মহিলা দলের ৭ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

যশোরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে প্রেক্ষাপট পরিবর্তন চায়। সে কারণে বিএনপি দীর্ঘ ১৬ বছর বিরামহীন আন্দোলন করেছে। সেই আন্দোলনে মহিলারা সাহস ও শক্তি জুগিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলাদের অবদান বিএনপি সব সময় স্বীকার করে।

আগামীতে জনগণ নির্ভয়ে ভোটের মাঠে গিয়ে যাতে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্যে আজও বিএনপির লড়াই করছে। বিএনপির ভিত অনেক মজবুত, কারণ বিএনপি জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। সীমাহীন নির্যাতন সহ্য করেও বিএনপির একজন কর্মীও আন্দোলনের মাঠ ছেড়ে যায়নি। বিএনপি সব সময় জনগণের পাশে থাকে।

বিএনপি একমাত্র রাজনৈতি দল যারা জনগণের কথা ভাবে এবং তাদের কষ্ট লাঘবের কাজ করে। বিএনপি মাদক এবং অস্ত্রবাজদের হাত থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রুখে দিতে পারে।

নারী নেত্রী জেসমিন আক্তারের সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী ফারাহ ইয়াসমিন।