ঝিকরগাছায় কৃষকের ফলন্ত গাছ কেটে জমি দখলের অভিযোগ, ইউএনও এবং কৃষি কর্মকর্তার নিকট আবেদন

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের ঝিকরগাছায় সিরাজুল ইসলাম নামের এক কৃষকের ১০ কাঠা জমির ওপর থাকা ফলন্ত মাল্টা, লেবু ও কলা গাছ কেটে ফেলার পাশাপাশি জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক সিরাজুল ইসলাম ৪ জনকে অভিযুক্ত করে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলমের কাছে লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদন সূত্রে জানা গেছে, কৃষক সিরাজুল ইসলামের নিজ বাড়ির পাশে ৫৯ নম্বর মির্জাপুর মৌজার ৪০৫৫, ৪০৫৩, ৪০৫৪ দাগে ৩৩ শতক জমিতে বিভিন্ন ধরনের ফলজ গাছ রয়েছে, যেগুলোতে ফল ধরা শুরু হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে একই গ্রামের মফিজুর রহমান ও তার ছেলে কামারুল ইসলামের সহযোগিতায় জাহাঙ্গীর হোসেনের স্ত্রী লিপি খাতুন ও তার ছেলে আলমগীর হোসেন জোরপূর্বক কৃষক সিরাজুলের জমিতে লাগানো ২০টি মাল্টা, ২২টি দেশীয় লেবু এবং বেশ কয়েকটি কলা গাছ কেটে ফেলে। একই সাথে, জমির চারপাশে থাকা ২০টি সিমেন্টের খুঁটি ভেঙে জমিটি দখল করে নেয়।

এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। এর আগেও গত ৩০/০৪/২০২৫ তারিখে অভিযোগ করলে থানা থেকে জমি সার্ভেয়ার দিয়ে মাপার কথা জানানো হয়েছিল। কিন্তু সার্ভেয়ার নিয়ে জমি মাপতে গেলে অভিযুক্তরা সে সময় উপস্থিত হননি।

মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাবে এসে কৃষক সিরাজুল ইসলাম জমি ফিরে পেতে অঝোরে কাঁদেন। বর্তমানে কৃষকের পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের কাছে জানান কৃষক সিরাজুল ইসলামের ছেলে জাহিদ হোসেন, জামাতা জাকির হোসেন, বেয়াই আনসার আলী দফাদারসহ বেশ কয়েকজন। কৃষক সিরাজুল ইসলামসহ উপস্থিত সকলে বিষয়টি তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।