টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতারক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ টাকার লোভ, কে না করে! আর যদি সেই টাকা রাতারাতি দ্বিগুণ হয়ে যায়, তাহলে তো কথাই নেই। কিন্তু এই লোভই যে কীভাবে সর্বনাশ ডেকে আনতে পারে, তার জ্বলন্ত প্রমাণ যশোরের রুমা খাতুন। কবিরাজের চটকদার কথায় বিশ্বাস করে হারিয়েছেন ৪ লাখ ২৫ হাজার টাকা আর ৩ ভরি স্বর্ণালঙ্কার। তবে স্বস্তির খবর, শেষ পর্যন্ত ডিবি পুলিশের জালে ধরা পড়েছেন সেই প্রতারক।

ঘটনার সূত্রপাত প্রায় ৬ মাস আগে। যশোর শহরের রেলস্টেশন এলাকার রুমা খাতুনের বাড়িতে হঠাৎ হাজির হন এক ব্যক্তি, পরিচয় দেন কবিরাজ ইসমাইল গাজী (৪৮) নামে। মিষ্টভাষী এই কবিরাজ রুমা খাতুনকে জানান, তার নাকি অলৌকিক ক্ষমতা আছে। তিনি নাকি যেকোনো টাকা বা স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দিতে পারেন! শুধু তাই নয়, তিনি এই কাজ মানুষের কল্যাণের জন্যই করেন। রুমা খাতুনকে প্রলুব্ধ করে তিনি বলেন, কিছু টাকা আর স্বর্ণালঙ্কার দিলে তিনি সেগুলো ডাবল করে দেবেন। যাওয়ার আগে রুমা খাতুনকে নিজের মোবাইল নম্বরও দিয়ে যান ইসমাইল গাজী।

গত ২৪ জুন দুপুরে আবার রুমা বেগমের বাড়িতে হাজির হন ইসমাইল গাজী। সে সময় রুমা খাতুনের ছোট বোনও তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ইসমাইল গাজী দুই বোনকে নিজের কেরামতি বোঝাতে একটি কৌশল অবলম্বন করেন। তিনি একটি টাকার নোটকে দ্বিগুণ করে দেখান! এই ‘ম্যাজিক’ দেখে দুই বোন হতবাক। দ্বিগুণ টাকা পাওয়ার আশায় রুমা খাতুন আর দেরি করেননি। ঘরে থাকা ৪ লাখ ২৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার সানন্দে তুলে দেন ইসমাইল গাজীর হাতে।

এরপর যা ঘটলো, তা আরও অবিশ্বাস্য! ইসমাইল গাজী রুমা খাতুনের চোখের সামনেই টাকা ও স্বর্ণালঙ্কার একটি কার্টনের মধ্যে রেখে দেন। এরপর বলেন, ‘মাত্র দুই ঘণ্টা অপেক্ষা করুন, এগুলো দ্বিগুণ হয়ে যাবে।’ এই কথা বলেই অত্যন্ত সুকৌশলে তিনি টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেন।

রুমা খাতুন আর তার বোন প্রায় দুই ঘণ্টা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সময় শেষ হতেই তারা ইসমাইল গাজীর দেওয়া নম্বরে ফোন করার চেষ্টা করেন। কিন্তু সর্বনাশ! নম্বরটি বন্ধ! তখনই তাদের সন্দেহ হয়।

তাড়াহুড়ো করে কার্টন খুলে তারা যা দেখলেন, তাতে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কার্টনের ভেতর শুধু কিছু কাগজপত্র, টাকা বা স্বর্ণালঙ্কার কিছুই নেই! প্রতারিত হয়েছেন বুঝতে পেরে রুমা খাতুন আর দেরি করেননি, সরাসরি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তদন্তে নামে ডিবি পুলিশ। নানা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। রাত পৌনে ৩টার দিকে নিজ বাড়ি থেকেই প্রতারক ইসমাইল গাজীকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা এবং ৪০.১০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জানান, নানা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তারা সাফল্য পেয়েছেন। আটক কবিরাজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।