নড়াইলে নতুন পোষাক পেল ৬০ শিশু

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলে নতুন পোশাক পেয়েছে শিশু একাডেমির ৬০ শিশু শিক্ষার্থী। বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয় পরিচালিত শিশু বিকাশের ৩০ শিশু শিক্ষার্থী ও প্রাক প্রাথমিকের ৩০ শিশু শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে নতুন পোষাক বিতরণ করা হয়। নতুন পোষাক প্রদানের পাশাপাশি তাদের মিষ্টিমুখ করানো হয়।

মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহিন উদ্দীন। এ সময় জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার ফজিলাতুন নেছা, শিশু বিকাশের শিক্ষক সোনিয়া আফরীন ও প্রাক প্রাথমিকের শিক্ষিকা জেসমিন আরা উপস্থিত ছিলেন।

প্রাক প্রাথমিকের শিশু শিক্ষার্থী ফাতেমা জান্নাত রাকা ও সৈয়দা হাবিবা মরিয়ম, শিশু বিকাশ শ্রেণির শিক্ষার্থী মেহেরিন আফরোজ ও আব্দুল্লাহ আইয়ান জানায়, নতুন পোষাক পরে তারা খুব আনন্দ পাচ্ছে।

অভিভাবক সৈয়দা কামরুন্নাহার জানান, শিশু একাডেমির দেয়া নতুন পোষাক পেয়ে বাচ্চারা খুবই আনন্দিত। এ ধরনের উদ্যোগের ফলে শিশু একাডেমির স্কুলের প্রতি শিশুদের আগ্রহ আরো বাড়বে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহিন উদ্দীন জানান, কোন ফি ছাড়াই শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশে ও প্রাক প্রাথমিকে শিক্ষার্থী ভর্তিসহ পাঠদান করা হয়ে থাকে। শিশুদের মানসিক বিকাশে শিশু একাডেমি পরিচালিত শিক্ষাকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।