শার্শায় ছিনতাইয়ের পর ৩০ মণ আম উদ্ধার : আটক ১

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার বাগুড়ি বেলতলা নামক স্থান থেকে প্রায় ৩০ মণ কাঁচা আম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি দুর্র্বৃত্তদল চাঁদা আদায়ের জন্যে রাস্তা থেকে আম ব্যবসায়ীর স্যালোইঞ্জিন চালিত আম বোঝাই একটি আলম সাধু ছিনতাই করে। ঘটনাটি জানাজানি হলে খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এ সময় দুর্বৃত্তদের হাত থেকে আম বোঝাই আলম সাধুটি উদ্ধার করে শার্শা থানায় নিয়ে আসে। এ ঘটনায় আম ব্যবসায়ী সেলিমের অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক আশিক নামে একজন চাঁদাবাজকে আটক করেছে। তিনি বাগুড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এরপর শার্শা থানা পুলিশ ছিনতাই হওয়া আম ওই ব্যবসায়ীর কাছে বুঝিয়ে দেয়। আলম সাধু ও আমের ক্রেতা সেলিম হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার শিয়ালনগর গ্রামের আসমত উল্লাহর ছেলে। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী।

সেলিম হোসেন জানান, তিনি গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার কলারোয়া উপজেলার কুশখালী গ্রামের শাহিদুলের আম বাগান থেকে ৬০ ক্যারেট কাঁচা আম ক্রয় করেন। যার ওজন প্রায় ৩০ মণ। মূল্য ৪০ হাজার টাকা।
সেলিম জানান, রাতে সে আম একটি আলম সাধুতে করে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর আম ছিনতাই করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, শার্শার বাগুড়ি বেলতলা নামক স্থান থেকে আমসহ একটি আলম সাধু ছিনতাই হয়। পুলিশ খবর পেয়ে তা উদ্ধার করে মূল মালিকের কাছে তা হস্তান্তর করে। তিনি বলেন, আম ছিনতাইয়ের সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।