কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় মাটিভর্তি ট্র্াক্টরের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাফদারপুরে সোয়াদী রেলগেটে।

ঘটনাস্থল থেকে ২শ মিটার দূরে অবস্থিত পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিক জানান, তারা রাতে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ট্রেনের ধাক্কায় মাটি ভর্তি ট্রাক্টর রেল লাইনের পাশে উল্টে পড়ে আছে। সাথে ট্রাক্টর ড্রাইভারের রক্তাক্ত লাশ। তিনি জানান, ট্রাক্টর চালকের কানে ইয়ারফোন থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম ভোলা (২০)। তার বাড়ি দর্শনার গহেরপুর গ্রামে। তিনি ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

সাফদারপুর রেলস্টেশন মাস্টার রিপন আলী জানান,রাত ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের সাথে রাস্তা পারের সময় এ দুর্ঘটনাটি ঘটে। রাতেই রেলপুলিশ লাশ উদ্ধার করেছে।

এদিকে একই দিনে বেলা সাড়ে ১১টার দিকে ওই গেট থেকে মাত্র ৫০ মিটার দূরে অজ্ঞাত পরিচয় ৫০বছর বয়সী এক নারীর ট্রেনে কাটা লাশ পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা ট্রেনে কাটা নারীটি আত্মহত্যা করেছেন।