কোটচাঁদপুরে যুবদল সভাপতির পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুরে ইউনিয়ন যুবদলের সভাপতিকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার হরিন্দিয়া গ্রামে। আসামিদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মহিদুল ইসলাম।

আহত কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের যুবদল সভাপতি মহিদুল ইসলাম জানান, কোটচাঁদপুর শহর থেকে কাজ শেষে তিনি শনিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে দয়ারামপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। হরিন্দিয়া গ্রামে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে জসিম উদ্দীন, আবু সাইদ, বাবুসহ ৭/৮ জন তাকে গতিরোধ করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই তারা মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে রড ও লাঠি দিয়ে মহিদুল ইসলামকে পেটাতে থাকে।

এসময় মহিদুলের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে চিহ্নিত সন্ত্রাসীরা সরে পড়ে। স্থানীয় লোকজন মহিদুলকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে আনেন। রডের আঘাতে মহিদুলের বাম পা ভেঙে গেছে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।