যশোরে নকল সার তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রশাসনের অভিযানে নকল সার তৈরি ও প্যাকেজিং করে বাজারজাতকারী একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় নকল সার প্যাকেট করার অপরাধে ওই কারখানা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্প্রসারণ অফিসার মো. হুমায়ুন কবির জানান, রোববার তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোর সদরের বাউলিয়া এলাকার মামুন ব্রিকসের পাশে একটি ভেজাল সার কারখানা রয়েছে। পরে সেখানে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, সেখানে ক্রপকো অ্যাগ্রোকেমিক্যালস বিডি লিমিটেড নামে অনুমোদনহীন একটি প্রতিষ্ঠান নকল সার তৈরি করে তা প্যাকেটজাত করছে। এসময় প্রতিষ্ঠানটির কর্মরত ম্যানেজার ও কর্মচারীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

যশোর সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)রিয়াজ উদ্দীন আহমেদ বলেন, ক্রপকো অ্যাগ্রোকেমিক্যালস বিডি নামের প্রতিষ্ঠানটির প্যাকেটজাত কীটনাশক বা ছত্রাকনাশক বিক্রির অনুমোদন থাকলেও তারা কীটনাশক ও ছত্রাকনাশকের কাচামাল ব্যারেলে এনে তা আলাদাভাবে প্যাকেটজাত করে নিজস্ব কোম্পানির নামে বাজারে সরবরাহ করছে। যা দন্ডণীয় অপরাধ। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে কারখানাটি সিলগালা করা হয়।

এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক সেখানে উপস্থিত ছিলেন না বলে তিনি জানান।