গৃহবধূর পোশাক পরিবর্তনের ভিডিও করে কুপ্রস্তাব আটক ২

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ফুলতলায় এক গৃহবধূর পোশাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে সেই স্থিরচিত্র ও ধারণকৃত ভিডিওসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকরা হলেন-দামোদর গ্রামের নয়ন শেখের ছেলে নাজমুল শেখ (২২) ও আবুবক্কার সিদ্দিকের ছেলে আশরাফ আলী (২৪)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ফুলতলা থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম বলেন, নাজমুল শেখ ও আশরাফ আলী বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। কিন্তু গৃহবধূ তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা গোপনে ভিকটিমের গোসলের পর পোশাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন।

এরপর সেই স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তাকে কুপ্রস্তাবে রাজি হতে বলেন। অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন বলে তারা হুমকি দেন।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নাজমুল ও আশরাফকে আসামি করে ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পুলিশ আসামিদের আটকের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।