লক্ষ্মীপুরে চুরি যাওয়া ট্রাকের কাটা অংশ যশোরে বকচর থেকে উদ্ধার

নতুন কেনা গাড়ির খণ্ডাংশ দেখে কাঁদলেন মালিক

0

স্টাফ রিপোর্টার ॥ লক্ষ্মীপুর থেকে চুরি যাওয়া একটি ট্রাকের কাটা যন্ত্রাংশ রোববার যশোর শহরের বকচর থেকে উদ্ধার করেছে পুলিশ। বকচর এলাকার চোরাই গাড়ি বিকিকিনি চক্রের কয়েকজন সদস্য এ ঘটনার সাথে জড়িত। তবে এ চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এস.আই হুমায়ুন কবির জানান, গত ২৭ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর থেকে মামুন হোসেন এক ব্যক্তির ৩৫ লাখ টাকা মূল্যের একটি ট্রাক চুরি হয়ে যায়। এ ঘটনায় ট্রাক মালিক সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এরই মধ্যে ট্রাকের মলিক বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানতে পারেন চুরি যাওয়া ট্রাকটি যশোর শহরের বকচর এলাকায় কম দামে বিক্রি করা হয়েছে। স্থানীয় একটি চক্র ট্রাকটি কিনে কেটে ফেলে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়েছে।

এ সংবাদ পেয়ে মালিক পক্ষের লোকজন গত শনিবার যশোরে এসে বকচরের পি.কে মটরস নামে একটি দোকানের সামনে সড়কের পাশে ওই ট্রাকের কাটা কয়েকটি অংশ ফেলে রাখা অবস্থায় দেখতে পান। পরদিন গতকাল রোববার যশোর কোতয়ালি থানা পুলিশের এস.আই আলমগীর হোসেনের সহায়তায় তারা সেখান থেকে ট্রাকের কাটা অংশ এবং যন্ত্রাংশ উদ্ধার করেন।

এদিকে নতুন কেনা ট্রাকের খন্ড খন্ড অংশ দেখে কাঁদতে থাকেন মামুন হোসেন। লোকসমাজকে তিনি বলেন, আমার ৩৫ লাখ টাকা দামের নতুন গাড়ি চুরি করে মাত্র কয়েক হাজার টাকায় বিক্রি করেছে।

কোতয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, পিকে মটরসের দোকানের ভেতর থেকে এবং সামনের রাস্তার পাশ থেকে চুরি যাওয়া ট্রাকের কাটা অংশ উদ্ধার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, চোরাই ট্রাক ক্রয়ের সাথে পিকে মটরসের মালিক পার্থসহ আরও কয়েকজন জড়িত। তবে পার্থ পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।

উল্লেখ্য, বকচর এলাকার একটি শক্তিশালী চক্র চোরাই গাড়ি বিকিকিনির সাথে জড়িত। দীর্ঘদিন ধরে তারা এই কারবার চালিয়ে আসছে। এর সাথে কয়েকজন পরিবহন শ্রমিক নেতা জড়িত রয়েছেন বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।