হাম নিয়ে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার আহ্বান জানাল ডিপিপিএইচ

0
আক্রান্ত শিশুকে পরম মমতায় বুকে জুড়িয়ে আছেন এক বাবা; দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধিতে প্রান্তিক পরিবারগুলোতে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।। ছবি: সংগৃহীত

দেশে চলমান হামের সংক্রমণকে ‘মহামারি’ হিসেবে অভিহিত করে অবিলম্বে ‘জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি’ ঘোষণার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ)। আজ শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত ‘হামে শিশুমৃত্যু: জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে হামের বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যা সাধারণ স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আইইডিসিআরের সাবেক পরিচালক আবু মোহাম্মদ জাকির হোসেন জানান, আগে হামে প্রতি হাজারে তিনজনের মৃত্যু হলেও এবার তা ১০ জনে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, হামের সংক্রমণ করোনার চেয়েও দ্রুত ছড়ায় এবং টিকার কার্যকারিতা পেতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তাই বর্তমান সংকট মোকাবিলায় হাসপাতালের সেবাকে জরুরি ভিত্তিতে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন জানান, সরকার চিকিৎসকদের ছুটি বাতিল ও নতুন নিয়োগের মতো পদক্ষেপ নিলেও আনুষ্ঠানিকভাবে মহামারি ঘোষণা করেনি। অন্যদিকে, শিশুবিশেষজ্ঞ কাজী রকিবুল ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা এবং হাম-পরবর্তী জটিলতা প্রতিরোধে কার্যকর উদ্যোগের অভাব ছিল। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি রশিদ-ই-মাহবুব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক শিশুরা।

পরিস্থিতি মোকাবিলায় ডিপিপিএইচ সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালু, গুজব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ছয়টি বিভাগে নির্মিত শিশু হাসপাতালগুলো দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর সুপারিশ করেছে। একই সঙ্গে স্বাস্থ্যকে জনগণের মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়।