খুলনা মহানগর বিএনপির বিবৃতি রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব

0

খুলনা ব্যুরো॥ রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে রমজান সমাগত। রমজানের পবিত্রতা রক্ষা করা ও তাকওয়া অর্জনের এ মাসে তাকওয়াপূর্ণ পরিবেশ তৈরি করা সকলের দায়িত্ব।

পবিত্র রমজান উপলক্ষ্যে শুক্রবার বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে খুলনাবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছে খুলনা বিএনপি।

পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করতে হবে। বিবৃতিতে মাহে রমজানের সম্মানে সবধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকতে ও রাখতে সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ নিতে হবে। ইফতারি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, খুলনা মহানগরীকে যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে রমজানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীলতা, বেহায়াপনা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনা, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।