যশোরে সুশান্ত ধর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামির আত্মসমর্পণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর বিরামপুরে সুশান্ত ধর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত নিহতের স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে তারা আত্মসমর্পণ করেন। এ সময় আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আত্মসমর্পণকারী সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বিরামপুর বারুইপাড়ার বাসিন্দা সন্যাসী কুমার বিশ্বাস, তার মেয়ে ও নিহত সুশান্ত ধরের স্ত্রী ইতি রানী ও শাশুড়ি করুনা রানী।

২২ বছর আগে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নৃসংশভাবে খুন হন সুশান্ত ধর। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর পূর্বপাড়ার কৃষ্ণপদ ধরের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়।

দীর্ঘ ২২ বছর পর গত ১৭ ফেব্রুয়ারি ওই মামলার রায়ে নিহতের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এস.এম নূরুল ইসলাম। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।