কেশবপুরে যুবলীগ নেতা নাজমুল ও লাভলুর সন্ত্রাসের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে পাঁজিয়া ইউনিয়নের বহু অপকর্মের হোতা যুবলীগ নেতা নাজমুল ও লাভলুর সন্ত্রাসী কার্মকান্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার সকালে পাঁজিয়া বাজারে ভুক্তভোগী মহিরউদ্দীন বিশ্বাস এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে ২০১৭ সালে ইউপি নির্বাচনে পাঁজিয়া ইউনিয়ন থেকে শফিকুল ইসলাম মুকুল অবৈধভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় হদ গ্রামের সিরাজুল সরদারের ছেলে নাজমুল হোসেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও তার ভাই আবু সাঈদ লাভলু উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনোনীত হন। সাবেক মন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেক ও শাহীন চাকলাদার এমপির সখ্যতায় তারা এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। তাদের প্রধান কাজ ছিল বিএনপি ও জামায়াতের লোকদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করা। তারা ইউনিয়নের তিন শতাধিক নিরীহ মানুষকে বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়িয়েছেন। যা আজও চলমান রয়েছে। ২০১৭-১৮ সালে তারা বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে ৮৪ লাখ টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা এলাকায় লিফলেট বিতরণ করেন। তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অনেক নেতা-কর্মীর হাত-পা ভেঙে দেওয়া হয়। ২০১৮ সালে এঘটনায় সাজ্জাত হোসেন ৩২৬/১৮ ধারায় একটি মামলা করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২ জানুয়ারি কৃষ্ণনগর গ্রামের যাদব মন্ডল, নিরমল মন্ডল ও শ্যাম মন্ডলের তিনটি ছোট ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার ঘটনায় নাজমুল, লাভলু ও তাদের লোকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। দেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হওয়ার পরও তাদের অপকর্ম এখনও বহাল তবিয়াতে চলছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অপকর্ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, রায়হান রানা, নির্মল মন্ডল, নিত্য মন্ডল প্রমুখ।