চৌগাছায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় বিএনপির চার কর্মী জখম

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামিদের ধরালো অস্ত্রের কোপে পিতা-পুত্রসহ বিএনপির চার কর্মী মারাত্মক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাদবিলা গ্রামে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের যশোরে রেফার করেন। পুলিশ ঘটনাস্থল হতে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়েছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫২), তার তিন ছেলে মফিজুর রহমান (৩২) হাফিজুর রহমান (৩৫) ও আজিজুর রহমান (৩০) কাদবিলা বাজার সংলগ্ন একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একই গ্রামের আওয়ামী সন্ত্রাসী আব্দুল বারেকের ছেলে লাল মিয়া, মকবুল হোসেনের ছেলে শাহিনুর রহমান শাহিন, মৃত আব্দুল আজিজের ছেলে মকবুল, রবিউল ইসলামের ছেলে দুলাল হোসেন, আব্বাস আলীর ছেলে সোহেল, রুবেলসহ ১২/১২ জনের সন্ত্রাসীদল সেখানে রাম দা, গাছি দা, হাসুয়া হাতে নিয়ে অতর্কিত হামলা করে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে পিতা- পুত্রসহ অন্যরা মারাত্মক জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের যশোরে রেফার করেন। আহতদের মধ্যে মফিজুর রহমানের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন বলেন, ধারালো অস্ত্রের কোপে সকলেই গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে যশোরে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জিজ্ঞাসাবাদের জন্যে কাদবিলা গ্রামের অপূর্ব রায় মিত্র ও সোহেল নামে দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা হলে দ্রুত আসামিদের আইনে সোপর্দ করা হবে।
এলাকাবাসী জানান, আওয়ামী দুঃশাসনের সময়ে পরপর দুইজন বিএনপির নিবেদিত নেতা আব্দুর রহিম ও আব্দুল মমিনকে নৃশংসভাবে বোমা হামলা ও কুপিয়ে কুপিয়ে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। যে সন্ত্রাসীরা মঙ্গলবার বিএনপির চার কর্মীকে কুপিয়েছে তাদের অনেকেই ওই হত্যা মামলার আসামি।