শীতাতর্দের পাশে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

0

 

ইবি সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সকালে ক্যাম্পাসের ডায়না চত্বরে অর্ধশতাধিক শীতার্তের মাঝে এ শীতবন্ত্র বিতরণ করা হয়।
এ সময় ইবির সমন্বয়ক এস এম সুইট, নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।
সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, বন্যার্তদের জন্যে যখন কাপড় সংগ্রহ করা হয় তখন অনেক কাপড় সংগ্রহ করা হয়েছিল যেগুলোর প্রয়োজন পড়েনি। আমরা ভাবছিলাম কাপড়গুলো কীভাবে কাজে লাগানো যায়। আমরা কাপড়গুলো বিক্রি করে সমমূল্যের অর্ধশতাধিক কম্বল কিনতে পেরেছিলাম। সেই কম্বলই ক্যাম্পাস নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক ভাই-বোনদের দেওয়া হয়েছে। যারা কাপড় দিয়ে আমাদের সহযোগিতা করেছিলেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।
সমন্বয়ক এস এম সুইট বলেন, কুষ্টিয়া অঞ্চলে তুলনামূলক শীত বেশি থাকে। শীতে নির্মাণশ্রমিকরা কষ্ট করেন। অনেকদিন থেকেই আমরা ভাবছিলাম তাদের জন্যে কিছু করতে। সেই চিন্তা থেকে আমাদের এই কার্যক্রম।