আলমডাঙ্গায় জমির বিরোধে এক জন খুন, আহত ৫

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে আহম্মেদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫জন।
রামদিয়া গ্রামের বাসিন্দারা জানান,আলমডাঙ্গা উপজেলা রামদিয়া গ্রামে দীর্ঘদিনের জমিজামা সংক্রান্ত বিরোধে আনসার আলী ও তার লোকজন ও গোলাম সরোয়ার মিঠু ও তার লোকদের ভেতর চরম শত্রুতা চলছিলো। এ বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৯ টার দিকে রামদিয়া গ্রামের মাঝেরপাড়া পুরাতন মসজিদের সামনে দুপক্ষ প্রকাশ্য বাকবিত-া শুরু করে। একপর্যায়ে এক পক্ষ আরেকপক্ষের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রামদিয়া গ্রামের মরহুম বিসারত হোসেনের ছেলে আহম্মেদ হোসেনকে আনসার আলীর লোকজন মাথায় ধারালো দা দিয়ে আক্রমণ করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার আরো অবনতি হলে তাকে কুষ্টিয়ার উদ্দেশ্যে নিয়ে রওনা দিলে পথে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে আনসার আলী ও তার লোকজন ও গোলাম সরোয়ার মিঠু ও তার লোকদের ভেতর জমি নিয়ে বিরোধ চলছিল। নিহত আহম্মেদ হোসেন মিঠুর সমর্থক। ঘটনার পর আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ঘটনার পর পরই আমরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সোমবার মরদেহের ময়না তদন্তের জন্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।