রূপসী বাংলা এক্সপ্রেস চালুর দিনে যশোরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

0

স্টাফরিপোর্টার॥ ‘উচ্ছ্বাস নয়, বিক্ষোভে’ যশোর-ঢাকা পদ্মা সেতু লিংক প্রজেক্টের ট্রেনকে বরণে প্রস্তুতি নিচ্ছে যশোরবাসী। মাত্র একটি ট্রেন দিয়ে যশোরবাসীকে সন্তুষ্ট করার চেষ্টার প্রতিবাদে উদ্বোধনী দিনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন সংগ্রাম কমিটির নেতারা। ট্রেন চালুর দিনে যশোর জংশনে বিক্ষোভ করবে কমিটি। পূর্বঘোষিত ছয় দফা দাবিতে আন্দোলনরত বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি মাত্র একটি ট্রেন দিয়ে দুই জেলাকে সন্তুষ্ট করা বাস্তব সম্মত নয় বলে জানান নেতৃবৃন্দ।
রেলওয়ে সংশি¬ষ্ট সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার পদ্মা সেতু লিংক প্রকল্পে খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় এই ট্রেন চলাচল শুরুর শিডিউল ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। গত বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এই পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মাত্র একটি ট্রেন দিয়ে যশোর-ঢাকা পদ্মা সেতু লিংক প্রজেক্টে খুলনা ও বেনাপোল থেকে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে খুলনা থেকে (খুলনা-ঢাকা-খুলনা) এবং ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ নামে বেনাপোল থেকে যাতায়াত করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কমিটির আহবায়ক ক্রীড়াবিদ কাওসার আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু, হারুন অর রশিদ, অধ্যক্ষ শহীদ ইকবাল, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, রাশেদ খান, জান্নাততুল ফোয়ারা অন্তরা প্রমুখ।
সংশি¬ষ্ট সূত্র আরও জানিয়েছে, যশোর থেকে বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন ঢাকায় যাতায়াত করছে। এর মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ যশোর থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-রাজবাড়ী-ভাঙ্গা হয়ে ঢাকায় যাতায়াত করছে। আর খুলনা থেকে ছেড়ে আসা ‘চিত্রা এক্সপ্রেস’ ঈশ্বরদী হয়ে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করছে। এই ট্রেনগুলো পূর্বের রুটেই বহাল থাকছে।