মহেশপুরের বাদুড়ের গ্রাম

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ আধুনিক সভ্যতার বিকাশে দেশের অনেক বনভূমি উজাড় করা হয়েছে। বনভূমি উজাড়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশ নেওয়া বিভিন্ন পশু-পাখি তাদের বাসস্থান হারিয়েছে। ফলে বিলুপ্ত হয়েছে অনেক পশু -পাখি। বাদুড়ও এরকম এক বিলুপ্ত প্রায় প্রজাতি। কিন্তু ইদানিং সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুরের একটি কবরস্থানের বটগাছে দেখা মিলছে বাদুড়ের। অসংখ্য বাদুড় এখানে আবাস গেড়েছে।
সীমান্তবর্তী মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামে প্রায় ৫০ বছর আগে এ বটগাছটিতে কিছু বাদুড় বসবাস শুরু করে। আস্তে আস্তে সে সংখ্যা বেড়ে তা কয়েক হাজারে দাঁড়িয়েছে। আর এ কারণে ঝিটকিপোতা গ্রাম এখন তার নাম বদলে হয়েছে ‘বাদুড়তলা’ । বাদুড়তলা গ্রামের মানুষজনও বিলুপ্ত প্রজাতির এ প্রাণী শিকার ও উত্ত্যক্ত না করায় এ বাদুড় যেন স্থায়ী আসন গেড়েছে এখানে।
প্রকৃতিপ্রেমী নাজমুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে বাদুড়গুলো আমাদের গ্রামের বটগাছে বসবাস করছে। এই বাদুড়ের নামে বটতলার নাম হয়েছে বাদুড়তলা।
গ্রামের মোস্তাক আহম্মেদ জানান, বাদুড়গুলো রাতে খাবারের জন্যে ভারতসহ বিভিন্ন স্থানে চলে যায়। আবার খাবার খেয়ে সকালে চলে এসে সারাদিন থাকে বটগাছে। স্থানীয়দের কোন ক্ষতি করে না বাদুড়গুলো।
মহেশপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পশুপাখি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৫০ বছর ধরে বাদুরগুলো বাদুড়তলা বটগাছে বসবাস করছে। যদি কেউ বাদুড় নিধন ও বাদুড়কে ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।