বিএনপি নেতা নাজমুল ইসলামের শাহাদাৎ বার্ষিকী আজ

0

 

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ অপহরণের পর গুপ্তহত্যার শিকার যশোর জেলা বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের ১৩তম শাহাদৎ বার্ষিকী আজ। শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে এদিন সকাল ১০টায় দলের পক্ষ থেকে শহীদের কবর জিয়ারত, বাদজোহর পৌর সদরসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তীতে উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ নাজমুল ইসলামের স্মরণসভা করা হবে বলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন জানিয়েছেন। অপরদিকে এদিন বাদজোহর ৫নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানাগেছে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৪ ডিসেম্বর রাতে একটি বিবাহের অনুষ্ঠান থেকে দাওয়াত খেয়ে ঢাকার ধানমন্ডির নিজ বাসায় ফেরার পথে মোহাম্মদপুর এলাকা থেকে অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক অপহৃত হন তৎকালীন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম। পরদিন সকালে গাজীপুর জেলার দক্ষিণসালনা নামকস্থানে রাস্তার পাশ থেকে নাজমুল ইসলামের নিথর দেহ (লাশ) উদ্ধার করে গাজিপুর থানা পুলিশ।
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে থাকায় দীর্ঘ ১৩বছরে ধরে নাজমুল ইসলামের মত জনপ্রিয় বিএনপি নেতাদের গুম করে হত্যা করা হয়েছে। তিনি বলেন নাজমুল ইসলাম হত্যাকান্ডের ঘটনা দীর্ঘদিন পার হলেও আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতায় থাকার কারণে এতদিন জড়িতদের চিহিৃত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অচিরেই এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিও করেন তিনি।