যশোরে আবুল ইসলাম জুট মিলের এমডি’র বিরুদ্ধে আরও একটি মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে চেক ডিজঅনারের আরও একটি মামলা আদালতে হয়েছে। বিনিয়োগ ঋণের ১ কোটি ৩৭ লাখ টাকার একটি চেক ডিজঅনার হওয়ায় মঙ্গলবার আদালতে মামলাটি করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংক যশোর শাখার প্রিন্সিপ্যাল অফিসার আব্দুল আহাদ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগ গ্রহণ করে আসামির প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন।
আসামি মাজাহারুল ইসলাম প্রিন্স ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামের মরহুম আবুল ইসলামের ছেলে। এর আগে তার বিরুদ্ধে আদালতে আরও ২টি চেক ডিজঅনারের মামলা হয়েছিলো।
মঙ্গলবার আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মাজাহারুল ইসলাম প্রিন্স জুট মিলের কাঁচামাল ও মেশিনারিজ ক্রয়ের জন্য ২০১৭ সালের ৭ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের বিভিন্ন বিনিয়যোগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকা ঋণ গ্রহণ করেন। এই টাকা মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধের কথা ছিলো।
ব্যাংকের লভ্যাংশসহ পাওনা টাকা পরিশোধের জন্য গত ৮ অক্টোবর আবুল ইসলাম জুট মিলস লিমিটেড নামীয় চলতি হিসাব নম্বর থেকে ১ কোটি ৩৭ লাখ টাকার একটি চেক প্রদান করেন মাজাহারুল ইসলাম প্রিন্স। ওইদিন চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকানা থাকায় সেটি ডিজঅনার হয়। এ কারণে ব্যাংকের পাওনা টাকা আদায়ের জন্য এই মামলা করা হয়েছে।