স্বৈরাচারদের সকল ষড়যন্ত্র নস্যাত করতে হবে : খুলনায় মাহমুদুর রহমান মান্না

0

খুলনা ব্যুরো॥ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচারদের সকল ষড়যন্ত্র নস্যাত করতে হবে। তিনি বলেন, শুধুমাত্র শেখ হাসিনার সরকারকে বিদায় করতে চাইনি, আমরা পুলিশের সংস্কার চাই, আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই ও বিচার বিভাগের সংস্কার চাই। সু-শাসণ প্রতিষ্ঠার জন্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। শনিবার দুপুরে নাগরিক ঐক্যের খুলনা নগর ও জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে মান্না আরো বলেন, শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর ইতিহাসে এক অনন্য আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকারকে এভাবে দেশ থেকে বিতারিত করা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের ছাত্র-জনতা। গত ৫৪ বছর ধরে আমরা যে অনিয়ম-দুর্নীতির দেশ দেখেছি, তা থেকেতো আমরা বের হতে পেরেছি। আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি।
তিনি বলেন, যারা দেশটাকে গড়বে, তারা দেশ গড়ার চেয়ে নিজেদের গড়ায় ছিল ব্যস্ত। তারা জণগণের কল্যাণের চেয়ে নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, নিজের দলবাজী করতে চেয়েছে বেশি।
পালানো ছাড়া হাসিনার কোনো উপায় ছিলো না উল্লেখ করে মান্না বলেন, না পালালে পিঠের চামড়া থাকতো না। অনেকে বলে শেখ হাসিনা ফিরে আসবেন। আমি বলি আসেন। সেদিন একজন ভিডিও দেখালেন, শুনলাম তিনি বললেন চট করে ঢুকে পড়বেন। তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। কাউকে বলেছেন গলা টিপে মেরে ফেলবেন। আর আপনি বিদেশেও জায়গা পাচ্ছেন না।
সম্মেলনে সভাপতিত্ব করেন দলের নগর শাখার আহবায়ক ও নব-নিযুক্ত জিপি এড. ড. মো: জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান। সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন দলের নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।
বক্তৃতা করেন জেলা আহবায়ক এড. মো: আব্দুল মজিদ হাওলাদার, নগর শাখার সদস্য কাজী আমিনুর রহমান, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহবায়ক মো: তরিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইয়াসিন ইসলাম শুভ। এ অনুষ্ঠানে এড. লাভলী শেখ ও রুহুল আমিন হাওলাদার দলে যোগদান করেন। সম্মেলনের শেষ পর্বে জেলা ও মহানগরীর নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। পরে তিনি বসুপাড়ায় কোঠাবিরোধী আন্দোলনে শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন।