মহেশপুরে মুখোমুখি সংর্ঘষে এক মোটরসাইকেল আরোহী নিহত আহত ২

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র সিজান (২৩) নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জিন্নাহনগর-দত্তনগর সড়কে সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজের সামনে।
স্থানীয় নাজমুল হোসেন জানান, নিহত সিজান এবং তার ছোট ভাই রিফাত নেপা গ্রামের ফুফুর বাড়ি থেকে মোটরসাইকেলে কোটচাঁদপুরে ফিরছিলেন। পথে পদ্মপুকুর ডিগ্রি কলেজের সামনে পৌছালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংর্ঘষে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে সিজান, সিজানের ছোট ভাই রিফাত (২১) ও মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাব্বি হোসেন (৩৫) গুরুতর আহত হন।
আহতদের মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সিজানকে ঢাকায় রেফার করেন। রিফাত ও রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সিজানের মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসাস ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মহেশপুর হাসপাতাল থেকে রেফার করা হয়েছে শুনেছি।