ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, চুড়ামনকাটিতে উত্তেজনা

0

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি নিয়ে গতকাল যশোর সদরের চুড়ামনকাটিতে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অভিযুুক্ত প্রান্ত বকসি (১৭) চুড়ামনকাটি ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের গৌর বকসির ছেলে।
চুড়ামনকাটি বাজারের একটি দোকানের কর্মচারী সে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি এল এম লামিম নামে ফেসবুক আইডি থেকে একটি লেখায় প্রান্ত বকসি কমেন্ট করে- বাংলাদেশ থেকে মুসলিম নিষিদ্ধ করা হোক। গতকাল বৃহস্পতিবার সকালে সেই কমেন্টের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে ওই তরুণের কর্মস্থল ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করে এবং বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান এবং জামায়াত নেতা আলমগীর সিদ্দিক দলীয় নেতা-কর্মী সাথে নিয়ে গিয়ে আইনের মাধ্যমে পলাতক ওই তরুণের বিচারের আশ্বাস দেন এবং পরিস্থিতি শান্ত করেন। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা প্রান্ত বকসিকে আটক করতে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান জানান, খবর পেয়েই আমি পরিস্থিতি সামলাতে নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশের সহযোগিতায় উত্তেজিত জনতাকে শান্ত করি। তিনি আরো জানান, প্রান্ত বকসির করা কমেন্টটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওই কটূক্তিকারীকে আটক ও কঠোর শাস্তির দাবি জানান।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে হাজির হই। অভিযুক্ত প্রান্ত বকসি পলাতক রয়েছে। সে চুড়ামনকাটি বাজারে সুমন বকসির দোকানের কর্মচারী। তাকে আটকের জন্য পুলিশ ঘটনার পর থেকেই অভিযান অব্যহত রয়েছে। তিনি সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান।
যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত তরুণের আটকের দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ করছে এমন সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে হাজির হই। অভিযুক্ত পলাতক থাকায় এখনো আটক করা যায়নি। তবে পুলিশি অভিযান চলেছে। এ বিষয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান ওসি।