যশোরে জুলাই বিপ্লবীদের স্মৃতিচারণ ৩০ নভেম্বর

0

স্টাফ রিপোর্টার ॥ জুলাই বিপ্লবে যশোরাঞ্চলের নিহত ও আহতদের স্মৃতিচারণে বিশেষ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে যশোর জেলা প্রশাসন। আগামী ৩০ নভেম্বর যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়। বুধবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এ তথ্য জানান। এ বিষয়ে দু’একদিনের মধ্যে পূর্নাঙ্গ অনুষ্ঠান সূচি প্রকাশ করবে প্রশাসন।
বুধবার বেলা ১১ টায় পূর্ব প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, ইতোমধ্যে যশোর জেলা প্রশাসন থেকে জুলাই বিপ্লবে শহীদ ও আহতের পরিবার চিহ্নিত করা হয়েছে। এসব পরিবারের সদস্যদের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে হাজির করা হবে। ২০২৪ সালে তরুণ সমাজ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলো, যে ভাষায় তারা কথা বললো, তাদের যে সাহস সারা বিশ্বকে বিস্মিত করেছে। এটি নিয়ে যুগে যুগে গবেষণা হবে। তাই তাদের লিপিবদ্ধ করে রাখতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। এরই ধারবাহিকতায় এই স্মৃতিচারণ অনুষ্ঠান।
প্রস্তুতি সভায় প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, গণমাধ্যম ও ছাত্র সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এসময় প্রত্যেকে তাদের মতামত তুলে ধরেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. রফিকুল হাসান, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, যশোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান, ডাক্তার রায়হান, শোয়াইব হোসেন, নূর হোসেন, মারুফ হাসান সুকর্ণ প্রমুখ।