যশোরে মতবিনিময় সভা : এমন সংস্কার করা হবে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু সিস্টেম থেকে যাবে :উপদেষ্টা হাসান আরিফ

0

lস্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বিগত ১৭ বছর দুর্নীতির ব্লাঙ্ক চেক দেওয়া হয়েছিল। যে যেমন খুশি, যেনো লুটপাট করতে পারে। তিনি বলেন, এমন সংস্কার করা হবে আগামীতে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু সিস্টেম থেকে যাবে।
সোমবার সন্ধ্যায় যশোরে সরকারি কর্মকর্তা, সুধীমণ্ডলী, ছাত্র নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন উপদেষ্টা।
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
বক্তব্যে উপদেষ্টা আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেই ৪৭ সাল থেকে সংস্কার চলে আসছে। জুলাই বিপ্লবের পর যেটি আবার শুরু হয়েছে। এটি চলতেই থাকবে, শেষ হবে না। এটি রাজনৈতিক সরকার এসেও অব্যাহত রাখবে।
বর্তমান সরকার কোনো কেয়ারটেকার বা রুটিন সরকার নয় উল্লেখ করে তিনি বলেন, তরুণ ছাত্ররা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা হচ্ছে ট্রাস্টি। এই রাষ্ট্রকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা পূরণে আমরা এসেছি। আগামীতে নিরাপদ সুন্দর সমাজ গঠনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের অবদান রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যশোরে পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা রয়েছে। এখান থেকে উৎপাদিত ফুল সারা দেশে এবং বিদেশও রফতানি হচ্ছে। এই ফুলের বাগানের মাঠ পর্যটনের ক্ষেত্র হতে পারে। সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।
বাজারে দ্রব্যমূল্য সম্পর্কে বলতে গিয়ে উপদেষ্টা বলেন, সিন্ডিকেট একক ব্যক্তি নয়, এটা একটা ব্যাড সিস্টেম। এটিকে ভাঙতে হবে। সব শ্রেণিপেশার মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। ইতোমধ্যে আমরা কাওরান বাজারের সিন্ডিকেট ভাঙতে তৎপর রয়েছি।
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, সারাদেশে এক হাজার পাঁচ শ পিকনিক স্পট রয়েছে। আমার ইচ্ছা খুব দ্রুত সেখানে পরিদর্শন করে সেগুলোর মান উন্নয়নের চেষ্টা করা হবে। অভ্যন্তরীণ পর্যটন সুবিধা বাড়ানো হবে বলেও জানান তিনি।
এসময় ভূমি সেবা নিয়ে উপস্থিত প্রায় সকলেই উপদেষ্টার কাছে নানা অসঙ্গতির বিষয় তুলে ধরেন। এ সময় উপদেষ্টা বলেন, রাষ্ট্রের মূলকাঠামো শৃঙ্খলা আনতে পৃথিবীর যেখানে সংস্কার কার্যক্রম পরিচালনা হয়েছে সেখানে প্রথমে ভূমি সংস্কারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক বর্তমান সরকার ভূমি সেবার আমুল পরিবর্তন আনতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়ন হলে সম্পদ নিয়ে আর ভাই-ভাইয়ের মধ্যে রক্তপাত হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা শূরা সদস্য অ্যাড. গাজী এনামুল হক, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সভাপতি নূর ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্যরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জিয়া উদ্দীন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. আছাদুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
এর আগে উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকালে বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণকারী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহর পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে যান। এসময় তিনি সেখানে শহীদের কবর জিয়ারত ও দোয়া করেন। পরে তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের দীর্ঘক্ষণ সময় দেন।