যশোরের বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার বাবু লাইফ সাপোর্টে

0

স্টাফ রিপোর্টার ॥ এম কে গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান বাবুকে (৬৭) লাইফ
সাপোর্টে রাখা হয়েছে। তিনি কয়েকদিন ধরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। বন্ধু প্রকৌশলী শহিদুল হক বাদল জানান, দিন দশেক আগে মতিয়ার বাবু জ্বরে আক্রান্ত হন। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর তার পায়ের নিচে ইনফেকশন হয়। পরে রক্তচাপ বিপজ্জনকভাবে নেমে যায়, কিডনি কার্যত অকেজো হয়ে যায়। গেল দুইদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মতিয়ার রহমান বাবু যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম রোডের খবির উর রহমানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। সন্তানরা সবাই অস্ট্রেলিয়ার বাসিন্দা। বাবার অসুস্থতার সংবাদে ছেলে ও দুই মেয়ে দেশে ফিরেছেন। মতিয়ার রহমান বাবু এম কে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক, পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া যশোরের জেস টাওয়ারের স্বত্বাধিকারী তিনি। ব্যবসা করেন গ্রামীণফোন ও বাংলালিংকের সঙ্গেও। আমদানি-রফতানির ব্যবসাও রয়েছে তার। মতিয়ার বাবু যশোর শহরের অতিপরিচিত মুখ। তার আরেক বন্ধু প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন জানান, স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বাবুর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।