মোংলায় পশুর নদীতে দুই জাহাজের সংঘর্ষ, নিখোঁজ -১

0

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।। মোংলার পশুর নদীর করমজল নামক স্থানে শুক্রবার রাতে গ্যাসবাহি বিদেশী জাহাজ এমভি এরা স্টারের সাথে কয়লাাবাহি কার্গো জাহাজ মিজানের মুখোমুখি সংষর্ষের ঘটনায় আ. হাকিম ওরফে লোকমান হাওলাদার (১৮) নামক এক জেলে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় কয়লাবাহি কার্গো জাহাজ এমভি মিজানের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজটি ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে মোংলার চরকানা নামক স্থানে রাখা হয়েছে। এ দিকে দুই জাহাজের সংঘর্ষের ফলে নিখোঁজ আ.হাকিমের সন্ধানে মোংলা কোস্টগার্ড সদস্যরা পশুরসহ আশপাশের নদীতে ব্যাপক তল্লাশী অভিযান শুরু করেছে।

কোস্ট গার্ড ও বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় ৫ শতাধিক মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এমভি মিজান যশোরের নওয়াপাড়া যাওয়ার পথিমধ্যে শুক্রবার রাত ১১ টার দিকে করমজল নামক স্থানে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা বিদেশী জাহাজ এমভি এরা ষ্টারের সাথে কার্গো জাহাজ মিজানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়লা বোঝাই কার্গো জাহাজটি দুমড়ে-মুচড়ে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়।

এসময় সেখানে থাকা একটি মাছ ধরার নৌকাও ডুবে যায়। তবে নৌকায় থাকা পাঁচজন জেলে ছিটকে পড়ে। চারজন উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকেন আ. হাকিম ওরফে লোকমান হাওলাদার।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, দূর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব গ্রামে। নিখোঁজ জেলে উদ্ধারে কোস্ট গার্ডের দুইটি টহল টিম কর্তৃক সার্চ এন্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে।

এদিকে গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা বলেন, তাদের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডাইরি করেছেন তিনি।