যশোরের পাঁচবাড়িয়ায় ডাকাতির ঘটনায় আটক নেই, সুজলপুরেও ডাকাতির চেষ্টা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়ায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের বাড়িতে ডাকাতির সাথে জড়িত কাউকে শনাক্ত এবং আটক করতে পারেনি পুলিশ। ওই ঘটনায় শনিবার দুপুরে কোতয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল ওয়াদুদ। মামলায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে পাঁচবাড়িয়ায় ডাকাতির আগেরদিন গত ২৪ অক্টোবর ভোরে আরবপুর ইউনিয়নের সুজলপুরের মোকসেদ আলী নামে এক বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিলো। ওই বাড়িতে সিসি ক্যামেরা থাকার কারণে দুর্বৃত্তদের ডাকাতির চেষ্টা ব্যর্থ হয় বলে জানা গেছে।
কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পাঁচবাড়িয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে আব্দুল ওয়াদুদের বাড়িতে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছেন তিনি নিজেই। পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং আটকের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মামলায় আব্দুল ওয়াদুদ উল্লেখ করেছেন, গত ২৫ অক্টোবর ভোর ৪টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত তার ঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতরা গলায় ধারালো অস্ত্র ধরে তার চোখ ও হাত বেঁধে ফেলে। পরে তারা আব্দুল ওয়াদুদের ছেলের ঘরে ঢুকে তারও চোখ বেঁধে ফেলে। এরপর তারা পুত্রবধূর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে এবং শো-কেসের ড্রয়ার ভেঙে ৬ ভরি ৭ আনার স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৮০ হাজার টাকা, সৌদি ১২শ’ রিয়াল এবং কাপড় চোপড়সহ সাড়ে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এদিকে সুজলপুরের স্থানীয় একটি সূত্র জানায়, গত ২৪ অক্টোবর ভোরে ৭/৮ জনের একদল ডাকাত একই গ্রামের মোকসেদ আলী নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির চেষ্টা করে। মোকসেদ আলীর বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে। এ কারণে ডাকাতি না করে বাড়ির সিসি ক্যামেরা ভেঙে সেখান থেকে চলে গেছে।