২৭ অক্টোবরের লংমার্চ ভবদহবাসীকে আশার আলো দেখাচ্ছে

0

মজনুর রহমান,মনিরামপুর(যশোর)॥ ভবদহের করাল গ্রাস থেকে রক্ষা পেতে পানিবন্দি অবস্থার স্থায়ী সমাধানকল্পে মনিরামপুর উপজেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি আদায়ে ২৭ অক্টোবর লংমার্চ ও গণসমাবেশকে সামনে রেখে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যশোর উন্নয়নের কারিগর জননন্দিত নেতা মরহুম তরিকুল ইসলামের যোগ্য উত্তরসুরি বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার আলো দেখা দিচ্ছে। ভবদহবাসীর ধারনা অনিন্দ্য ইসলাম অমিতের গতিশীল নেতৃত্বের এ আন্দোলনকে সরকার গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু জানান, ১৯৯১ সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালকালে তরিকুল ইসলামের বড় সাফল্য ভবদহে টিআরএম(টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন। তখন খনন করা হয়েছিল হরিহর, কপোতাক্ষ নদসহ অসংখ্য খাল। সেই যোগ্য নেতার যোগ্য সন্তান বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সময়পোযোগী ১০ দফা দাবি আদায়ে লংমার্চ কর্মসূচির ডাক দেওয়ায় এলাকাবাসী মনে করছে এবার হয়ত সরকার এ সমস্যার সমাধান করবে।
কাছারীবাড়ির হাফিজ উদ্দিন, বালিধার হাবিবুর রহমান ও নেহালপুরের খলিলুর রহমান জানান, ভবদহবাসী কোন ত্রাণ চায়না। তারা চায় পানিবন্দি অবস্থার স্থায়ী সমাধান।
উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন জানান, বিএনপি সব সময় জনবান্ধব কর্মসূচি গ্রহণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি জানান, ২৭ অক্টোবর মনিরামপুর থেকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের গতিশীল নেতৃত্বে ভবদহ অভিমুখে লংমার্চ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি আশাপ্রকাশ করেন এ কর্মসূচিতে অন্তত ১৫ হাজার মানুষ অংশ নেবেন।