উপদেষ্টার সঙ্গে বৈঠক: ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ

0
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার আগের সিদ্ধান্তে এখনো অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ড পরিচালকদের জরুরি বৈঠক শেষে এই অবস্থানের কথা জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, বিসিবির আপত্তির প্রেক্ষিতে আইসিসি বাংলাদেশে দল পাঠাতে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেনি বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, আইসিসি কেবল খেলোয়াড়দের নিরাপত্তার কথা বলছে। কিন্তু টুর্নামেন্ট কভার করতে যাওয়া সাংবাদিক এবং ম্যাচ দেখতে যাওয়া হাজারো ভক্তের নিরাপত্তার বিষয়টি এখনো অস্পষ্ট।

তিনি বলেন, “সবার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে অনড় আছি। আমরা আইসিসিকে আমাদের ভ্যালিড রিজনগুলো বুঝিয়ে বলব।”

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে বিসিবি সভাপতি আরও বলেন, যেকোনো বিদেশ সফরের জন্য সরকারের অনুমতি প্রয়োজন হয়। আমরা সরকারের দিকনির্দেশনা নিতেই এখানে এসেছিলাম। যদি খেলোয়াড়, সাংবাদিক ও ভক্ত—সবার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে নিজেদের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বাংলাদেশ। এর আগে বিসিবি ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল।