অভয়নগরের মতিয়ার বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামি তুহিন আটক

0

স্টাফ রিপোর্টার || যশোরের অভয়নগর উপজেলার মশরহাটির আলোচিত মতিয়ার বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখকে (৩৬) আটক করেছে র‌্যাব । গত সোমবার দুপুরে মাদারীপুর শহরের লেকপাড়া থেকে তাকে আটক করে বরিশাল ও যশোর র‌্যাবের একটি যৌথ দল। আটক তুহিন শেখ অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের ইজ্জত আলীর ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লাইট লে. মো. রাসেল জানান, স্থানীয় ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিয়ার বিশ্বাস ও তার ভাই ফসিয়ার বিশ্বাসের সাথে তুহিন শেখসহ অন্যদের দ্বন্দ্ব চলছিলো।

এরই জের ধরে গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মশহরহাটি গ্রামের ভৈরব ব্রিজের পাশের একটি চায়ের দোকানে মতিয়ার বিশ্বাসকে দেখতে পেয়ে তাকে কুপিয়ে হত্যা করেন তুহিন শেখ ও তার সহযোগীরা। এ ঘটনায় অভয়নগর থানায় একটি মামলা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে গত সোমবার মাদারীপুরে অভিযান চালিয়ে প্রধান আসামি তুহিন শেখকে তারা আটক করেন। পরে অভয়নগরে এনে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।