কালিয়ায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

নড়াইল অফিস ॥ নড়াইলের কালিয়া উপজেলায় সালেহা বেগম (৫৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সালেহা বেগম উপজেলার পুটিমারী গ্রামের মৃত সিদ্দিক শিকদারের স্ত্রী। শুক্রবার সকালে মৃতার দেবর সুরত শিকদার বাড়ির পাশে জামরুল গাছে সালেহার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সালেহা বেগমের বড় ছেলে ইব্রাহীম শিকদার (২৮) ও ছোট ছেলে বিপ্লব শিকদার (২৪) জাহাজে চাকরি করেন। দুই ছেলের বউ এবং নাতি নিয়ে নিজ বাড়িতেই থাকতেন সালেহা বেগম। তিনি দীর্ঘ দিন পেটের ব্যথায় ভুগছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ ধারণা করছে।
সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় বলেন, ঝুলন্ত অবস্থায় সালেহা বেগমের মরদেহ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।