পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র শেষ হয়নি : নিতাই রায় চৌধুরী

0

খুলনা ব্যুরো॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস- চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন অনির্বাচিত অবৈধ সরকারের পতন হলেও পতিত আওয়ামী স্বৈরাচার ও তাদের দেশি-বিদেশি দোসরদের ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। বাংলাদেশ ও দেশের জনগণের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রস্তুত। তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য সফল ও স্বার্থক হবে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সকল শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের রক্তদান ফলপ্রসূ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও বিডিআর বিদ্রোহের নামে ৫৭জন মেধাবী সেনা কর্মকর্তার হত্যার দায়ে ফাঁসি কার্যকর করা।
‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর দুপুরে ২টায় শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ সফলে বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে বিভাগীয় বিএনপির প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপি নেতা এস এম শফিকুল আলম মনা এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকলেও স্বৈরাচারী হাসিনা সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করেছে। এদেশের মানুষ বিশ^াস করে না বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কোন দুর্নীতি করতে পারেন। ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে চারিদিকে গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। তিনি ১৫ সেপ্টেম্বরের শোভাযাত্রা সফল করতে খুলনাবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
শুরুতেই স্বাগত বক্তৃতায় সভার আলোচ্য বিষয় তুলে ধরেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রস্তুতিসভায় শুভেচ্ছা বক্তৃতা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্তু কুমার কুন্ডুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাবিরা নাজমুল মুন্নি, ফরিদা ইয়াসমিন, খান রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম, মাগুরা জেলা বিএনপির আহবায়ক মো. আলী আহমেদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিলটন, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দা রেহেনা ঈসা, যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মাগুরার মনোয়ার হোসেন খান প্রমুখ।
সভা থেকে ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে জমায়েত, সংক্ষিপ্ত সমাবেশ শেষে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু করে যশোর রোড হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হবে বলে সিদ্ধান্ত হয়।