সরকারের নিচ থেকে উপর পর্যন্ত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত : সুলতান সালাউদ্দিন টুকু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাফিয়া সরকার বেনজীর-আজিজদের তৈরি করেছে। সরকারের নিচ থেকে ওপর মহল পর্যন্ত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। তারা জনগণের রক্ত-ঘামের অর্থ লোপাট করে অবৈধভাবে বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। দেশের সমগ্র জনগণ প্রতিনিয়ত মাফিয়াদের নির্যাতনের শিকার হচ্ছেন। একমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ তাদের নির্যাতনের বাইরে নন।
মঙ্গলবার জেলা যুবদল আয়োজিত আন্দোলন সংগ্রামে কারানির্যাতিত নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, মাফিয়া সরকার শহীদ জিয়াউর রহমানের ঘোষণা এবং ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জত-সম্ভ্রমের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে যেমন ধ্বংস করেছে, ঠিক তেমনই তাদের দলের চোর- ডাকাতদের এমপি বানিয়ে পবিত্র সংসদকে কলঙ্কিত করেছে। জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যে চোর-ডাকাতরা জনগণের অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছে তাদের বিচার দেশের মাটিতেই হবে। কেবল সময়ের অপেক্ষামাত্র।
তিনি বলেন, গেল ৭ জানুয়ারি ফুফাতো ও খালাতো ভাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই অবৈধ ডামি নির্বাচন জনগণ তারেক রহমারেন ডাকে প্রত্যাখ্যান করে। কার্যত সেইদিন রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিজয় অর্জিত হয়। এখন জনগণ চূড়ান্ত বিজয়ের অপেক্ষায়। আমরা আন্দোলন করছি জনগণের স্বার্থে, নিজেদের স্বার্থে নয়। এই আন্দোলন করতে গিয়ে আমরা প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করছি। আমাদের ত্যাগ কোনদিন বৃথা যাবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে মাফিয়াদের হটিয়ে জনগণের চূড়ান্ত বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুজ্জামান লিটন, নাজমুল হুদা চৌধুরী সাগর, যুগ্ম-সম্পাদক আবদুল জব্বার খান, সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান, আলমগীর হোসেন সোহান, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ইবাদুল হল রুবায়েত, ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন,সহগ্রাম সরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু, সদস্য আশরাফুল কবির সুমন, শাহজাহান রনি, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, যুবদল নেতা পলাশ হোসেন প্রমুখ।
পরে সুলতান সালাউদ্দিন টুকু গেল ২৮ অক্টোবরের পর থেকে কারাবরণ-কারানির্যাতিত জেলা যুবদলের অধীনস্থ ১৬টি ইউনিটের তিন শতাধিক নেতাকর্মীর গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি ও সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন।