যশোর সদর উপজেলা নির্বাচন স্থগিত

0

স্টাফ রিপোর্টার ॥ আইনি জটিলতা থাকায় যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দেয়। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সিদ্ধান্তটি বাস্তবায়নে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও পাঠান।
এতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো.শাহারুল ইসলাম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন করেন। হাইকোর্ট বিভাগ গত ১৩ মে আদেশে মো. শাহারুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণসহ তার অনুকূলে প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেন।
পরবর্তীতে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিপিএলএ নং ১৭১৩/২২৪ দায়ের করলে ২০ মে আদেশে ‘নো-অর্ডার’ দেওয়া হয়। এ অবস্থায় আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৯ মে অনুষ্ঠেয় যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে সব পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেন।
বিকেলে এ বিষয়ে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিকেলে নির্বাচন কমিশন (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত সিদ্ধান্ত পত্রটি হাতে পেয়েছেন।
নির্দেশনা পত্রটি পাওয়ার পর সংশ্লিষ্ট সকল প্রার্থীকে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত নির্বাচনের প্রচারণাসহ সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হলেও আগামী ২৯ মে জেলার বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে এই দুই উপজেলায় নির্বাচন কার্যক্রম তফসিল ঘোষিত নিয়ম অনুযায়ী চলবে।