নেশার টাকা না পেয়ে মাকে মারধর,সন্তানের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ নেশার টাকার জন্যে পরিবারের ওপর নানাভাবে অশান্তি সৃষ্টি করে আসছেন মো. আব্দুল্লাহ (২০) নামে এক যুবক। টাকা না পেয়ে বাড়ির গরু -ছাগলও বিক্রি করে দিচ্ছেন। এমনকি নেশার টাকা না পেয়ে মাকেও মারধর করেছেন ওই যুবক। কোনো উপায় না পেয়ে শেষমেষ মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে রোববার আদালতে মামলা করেছেন তার পিতা মো. লুৎফর রহমান। তিনি যশোরের কেশবপুর উপজেলার সন্নাসগাছা গ্রামের বাসিন্দা। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে কেশবপুর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
মো. লুৎফর রহমানের অভিযোগ, তার ছেলে আব্দুল্লাহ অসৎ ছেলেদের সাথে চলাফেরার কারণে মাদকাসক্ত হয়ে পড়েছে। প্রায় ৩ বছর হলো তিনি বিভিন্ন প্রকার মাদকে আসক্ত। নেশার টাকার জন্যে তিনি পরিবারের ওপর নানাভাবে অশান্তি সৃষ্টি করছেন। বিভিন্ন প্রকার জিনিসপত্র চুরিসহ গরু ও ছাগল জোরপূর্বক নিয়ে বিক্রি এবং সেই টাকা দিয়ে নেশা করছেন। ছেলেকে সুপথে ফিরিয়ে আনার জন্যে বহুবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন লুৎফর রহমান। কিন্তু তাকে সুপথে ফিরিয়ে আনা যায়নি। গত ১১ ডিসেম্বর বিকেল ৫টার দিকে আব্দুল্লাহ বাড়িতে এসে তার মা মাছুমা বেগমের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু মাছুমা বেগম টাকা দিতে অস্বীকার করলে তিনি তার মাকে মারধর এবং ঘর থেকে ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যান। এ কারণে কোনো উপায় না পেয়ে মাকদাসক্ত সন্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আদালতের দ্বারস্থ হয়েছেন লুৎফর রহমান।