কারাগারে আটক বয়ঃবৃদ্ধ অসুস্থ বিএনপি নেতা-কর্মীদের নিয়ে উদ্বিগ্ন স্বজনরা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ মুন্সীর বয়স ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত। নিয়মিত চিকিৎসা নিয়ে তাকে চলতে হয়।
গত প্রায় দেড় মাস ধরে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। পুলিশের দায়ের করা কথিত নাশকতা সৃষ্টির অভিযোগে আনা মামলায় আটক করা হয় তাকে। আটকের পর কয়েক দফা জামিন ধরা হলেও আজও পর্যন্ত তার জামিন মেলেনি। বর্তমান কারাগারে প্রবীণ এ বিএনপি নেতা মানবেতর জীবনযাপন করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুধু বিএনপি নেতা সুলতান মুন্সী নয়, উপজেলা থেকে আটক নেতাকর্মীদের অনেকেই অসুস্থ ও বয়:বৃদ্ধ। এসব নেতাকর্মীর অনেকেরই নিয়মিত চিকিৎসা নিতে হয়। কিন্তু কারাগারে আটক থাকার কারণে তাদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছেনা। তাই এসব নেতাকর্মীর পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বিএনপি নেতা সুলতান আহমেদের বড় ছেলে ফরহাদ রেজা বলেন, তার পিতা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে দলের সাথে যুক্ত। দীর্ঘদিন ধরে রায়পুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বও দিয়েছেন। তবে বয়স ও অসুস্থতার কারণে আগের মতো পেরে ওঠেন না। দলের নীতি আদর্শের সাথে মিশে থাকেন তিনি। ৭৪ বছর বয়সে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে একজন সাদামনের মানুষ হিসেবে পরিচিত। অথচ গত ১৩ অক্টোবর পুলিশ তাকে রায়পুর বাজার থেকে আটক করে নিয়ে আসে। পরে পুলিশের কথিত নাশকতা মামলায় আটক দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়। সেই থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন তিনি।
ফরহাদ রেজা বলেন, তার পিতা একজন ডায়াবেটিস ও প্রেশারের রোগী। সাথে মুত্রথলিতেও সমস্যা রয়েছে। এ অবস্থায় তাকে জেলে বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আদালতে জামিন ধরলেও জামিন দেয়া পাচ্ছেন না।
সুলতান আহমেদ মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা বলেন, সুলতান আহমেদ মুন্সীর জামিনের জন্যে আদালতে এর আগে আবেদন করা হয়। আগামী ২৮ নভেম্বর শুনানীর দিন ধার্য রয়েছে। আশা করছি ওইদিন তার জামিন হবে।
শুধু সুলতান মুন্সী নয়, বাঘারপাড়ার আটক নেতাকর্মীদের মধ্যে অনেকেই অসুস্থ অবস্থায় কারাগারে জীবনযাপন করছেন। এসব নেতাকর্মী পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। বাঘারপাড়া থানা যুবদলের আহবায়ক এখলাছ হোসেন বলেন, দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া ওয়ার্ড বিএনপির নেতা মিজানুর রহমানও একজন বয়:বৃদ্ধ ও অসুস্থ নেতা। গত এক মাস আগে তাকে গ্রেফতার করা হলেও এখনও জামিন পাননি তিনি। এ অবস্থায় তার স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
মিজানুর রহমানের ছেলে মুন্না হোসেন বলেন, আব্বার জন্যে খুব চিন্তা হয়। ৬০-এর ওপরে বয়স। নিয়মিত ওষুধ খেতে হয় তাকে। অথচ তিনি এখন কারাগারে আটক আছেন। তিনি বলেন, কারাগারে দেখাও করা খুব দুষ্কর। আগের চেয়ে অনেক কড়াকড়ি। অন্যদিকে জামিন মিলছেনা। এ অবস্থায় আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি।
বাঘারপাড়া থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জামদিয়া ইউনিয়নের যুগ্ম আহবায়ক আসলাম হোসেন বলেন, এই মুহূর্তে বাঘারপাড়া উপজেলার ৫৪ জন নেতাকর্মী যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। এসব নেতাকর্মীর মধ্যে বয়স্ক ও অসুস্থ নেতাকর্মী রয়েছেন অন্তত ১৫ জন। তাদের জামিনের বিষয়ে চেষ্টা করেও সফল হওয়া যাচ্ছেনা। এ অবস্থায় এসব নেতাকর্মীর পাশাপাশি আমরা দলীয় নেতাকর্মীরাও উদ্বিগ্ন রয়েছি।
জেলা বিএনপির একটি সূত্রে জানা গেছে, এই মুহূর্তে জেলার বিভিন্ন এলাকা থেকে আটক ৬শ ৩০ জন নেতাকর্মী যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। এদের মধ্যে অনেকেরই বয়স ৬০ বছরের ওপরে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।