খুলনায় কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি সাগরসহ ১০ নেতা-কর্মী কারাগারে

0

খুলনা ব্যুরো ॥ খুলনা মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন মূখ্য মহানগর হাকিম মমিনুন নেছা। বৃহস্পতিবার  তিনি এ আদেশ দেন।
নেতাকর্মীরা হলেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, মাসুদ পারভেজ বাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়রুজ্জামান সজিব, শেখ নাদিমুজ্জামান জনি, নাসিম, রবি, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী।
আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, খুলনা থানার এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে গত ১৭ জুলাই বে-আইনিভাবে জনতাবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে ১৪ জনের নাম উল্লেখসহ ৯৪ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা গত ২৭ জুলাই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনপ্রাপ্ত হয়ে ৫ সেপ্টেম্বর খুলনা সিএমএম কোর্টে আত আত্মসমর্পণ করে জামিন লাভ করেন এবং বেলবন্ড দাখিল করেন। বৃহস্পতিবার পুনরায় আদালতে আত্মসর্মর্পণ করলে দীর্ঘ শুনানী শেষে মূখ্য মহানগর হাকিম মমিনুন নেছা আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অ্যাড. তুষার আরও বলেন, ১৪ জনের মধ্যে এবাদুল হক রুবায়েত অন্য মামলায় আগে থেকে কারাগারে বন্দি আছেন। অপর তিনজন মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস, সাবেক মহানগর ছাত্রদলের সভাপতি হেলাল আহমেদ সুমন ও যুবনেতা আসাদুজ্জামান মিঠু আত্মসমর্পণ করেননি। এদিকে জামিন নামঞ্জুরের খবর পেয়ে আদালতপাড়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শ শ নেতাকর্মী উপস্থিত হয়ে নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ সময় উপস্থিত ছিলেন। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, মিথ্যা বানোয়াট ও কাল্পনিক মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে বন্দি করে বর্তমান ফ্যাসিস্ট সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার স্বপ্ন দেখছে, গণবিস্ফোরণে সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি চলমান একদফা আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।