আদালতে প্রক্সি সাক্ষি দিতে গিয়ে হাজতবাস

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুক আইনের একটি মামলায় রোববার আদালতে অন্যের হয়ে (প্রক্সি) সাক্ষ্য দিতে ধরা খেয়েছেন রমজান আলী নামে এক ব্যক্তি। তিনি প্রকৃত সাক্ষী তার ভাই আল আমিনের হয়ে আদালতে প্রক্সি দিতে গিয়েছিলেন। ধরা পড়ার পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ উভয় পক্ষের আইনজীবীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত তাকে হাজতবাসের নির্দেশ দেন। একই সাথে মামলার বাদী মেহেরুন্নছাকেও হাজতবাসের নির্দেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর সদর উপজেলার গাইদগাছি গ্রামের মৃত ফজর আলী মোল্লার মেয়ে মেহেরুন্নেছা তার স্বামী সাজাহান মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা করেন। সাজাহান মোল্লার বাড়িও একই গ্রামে। মামলায় গাইদগাছি গ্রামের মালেক মোল্লার ছেলে আল-আমিনসহ ৬ জনকে সাক্ষী করা হয়। রোববার আদালতে সাক্ষ্য প্রদানের দিন ছিলো। সাক্ষ্য চলাকালে আসামি পক্ষ আদালতের বিচারককে অবহিত করে যে, যিনি সাক্ষী দিতে এসেছেন তিনি আল-আমিন নয়। আল-আমিন বিদেশে চলে যাওয়ায় তার হয়ে প্রক্সি দিতে ভাই রমজান আলীকে এনেছেন বাদী মেহেরুন্নেছা। বিষয়টি বিচারকের নজরে আনায় তৎক্ষণিক উভয় পক্ষের আইনজীবীর কাছে শুনে রমজান আলী ও বাদী মেহেরুন্নেছাকে আটকের নির্দেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। দুপুরে আটক করার পর কয়েক ঘণ্টা হাজতবাস শেষে বিকেলে আদালত তাদের মুক্তি দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী শাহানাজ আক্তার।