যশোরে ব্যবসায়ীর বাড়ি থেকে সোনা ও হীরার অলঙ্কার চুরি

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় রোজী জালাল নামে একজন সিঅ্যান্ডএফ এজেন্টের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা অ্যাডজান্টিং ফ্যান ভেঙে ঘরের ভেতর ঢুকে নগদ আড়াই লাখ টাকা, ১০ ভরি সোনার অলঙ্কার ও ৫ লাখ টাকা মূল্যের হীরার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে  মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ডিবি পুলিশ ও কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুরাতন কসবা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (মক্তব স্কুল) পেছন এলাকার মৃত শরীফুর জালালের স্ত্রী সিঅ্যান্ডএফ এজেন্ট রোজী জালাল জানান, তার ছেলে শাকিবুল জালাল ঢাকায় ব্যবসা করেন।  রোববার ( ২৬ মার্চ) রাত ১০টার দিকে তিনি যশোর থেকে ঢাকায় ছেলের কাছে যান। বাড়ির প্রত্যেকটি ঘরে তালা দিয়ে তিনি ঢাকায় যান। পরদিন ২৭ মার্চ রাত ১০টার দিকে তিনি ঢাকা থেকে যশোরে ফিরে আসেন। নিজ ঘরের তালা খুলে ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার ঘরের বিপরীতে ছেলের ঘরের দরজার তালা খোলেন। দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে বন্ধ করে দেয়া রয়েছে বলে টের পান। সন্দেহ হওয়ায় সাথে সাথে তিনি ডিবি পুলিশকে জানান। খবর পেয়ে ডিবি পুলিশ ছাড়াও কোতয়ালি থানার পুলিশ তার বাড়িতে আসে। এ সময় পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকলে স্টিলের আলমারি ও কাঠের ওয়ারড্রবের তালা ভাঙ্গা এবং কাপড় চোপড় এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওয়ারড্রবের ভেতর থাকা নগদ ২ লাখ ৫৯ হাজার টাকা, ১০ ভরি সোনার অলঙ্কার, ৫ লাখ টাকা মূল্যের হীরার অলঙ্কার এবং বিভিন্ন ব্যাংকের স্বাক্ষর করা কয়েকটি চেক পাওয়া যায়নি। তিনি বলেন, ঘরের সাথে সংযুক্ত একটি বাথরুম রয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা ওই বাথরুমের অ্যাডজাস্টিংফ্যান ভেঙে ভেতরে ঢুকে ওয়ারড্রবে থাকা নগদ টাকা এবং এসব অলঙ্কার চুরি করে নিয়ে গেছে।
ডিবি পুলিশের এসআই মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই চুরির সাথে কারা জড়িত সেই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।