ঝিনাইদহে সাবেক স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা মামলায় প্রাক্তন স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক বাহাউদ্দিন আহম্মেদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হরিণাকুন্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের লিপা খাতুনকে মুখে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন তার প্রাক্তন স্বামী একই গ্রামের ঠান্ডু মন্ডল। এ ঘটনায় ওইদিন রাতে হরিণাকুন্ডু থানায় ঠান্ডুকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করে লিপার পিতা ফজলু মন্ডল। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর ৩ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদক জমা দেয় পিবিআই। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার প্রধান আসামি ঠান্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক। মামলার অপর ২ আসামিকে খালাস দেয়া হয়েছে। দন্ডিত ঠান্ডু মন্ডল ওই গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে।