রাজগঞ্জে ফের গুড়িয়ে দেয়া হলো অবৈধ ইটভাটা

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ও ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধ ইটভাটা নির্মাণ এবং কোমলমতি শিক্ষার্থীদের দৈনন্দিন পাঠদান কার্যক্রম ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে দেখে বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কর্মকর্তারা আবারও গুড়িয়ে দিলেন সেখানকার সেই অবৈধ ইটভাটাটি। এদিকে প্রাথমিক বিদ্যালয় এবং ঘনবসতিপূর্ণ এলাকায় সাথে গড়ে ওঠা অবৈধ এ ইটভাটাটি দ্বিতীয় বারের মত গুড়িয়ে দেয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।
২০২০ সালের ২০ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় এবং ভাটাটি গুডিয়ে দেয় প্রশাসন। চলতি মৌসুমে আবারও চালু করার চেষ্টা করে মালিকপক্ষ।  বুধবার সকালে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চুল্লির দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়। এতে অবৈধ এ ইটভাটাটির ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভাটার পক্ষ থেকে দাবি করা হয়েছে।